শক্তিশালী শেয়ারবাজার অর্থনীতিতে ভূমিকা রাখবে: সিএসই এমডি

শক্তিশালী শেয়ারবাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
তিনি বলেছেন, শেয়ারবাজার যত শক্ত ভিত্তির ওপর কাজ করবে, এর সঙ্গে সংশ্লিষ্ট সব উপাদান অর্থনীতিতে তত বেশি ভূমিকা রাখতে পারবে।
আজ রবিবার চট্টগ্রামে সিএসইর কার্যালয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (এইচসিপিএসসি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ শিক্ষার্থীর শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিএসই এমডি বলেছেন, শেয়ারবাজার একটি দেশের আর্থিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। একটি কার্যকর শেয়ারবাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি। বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যত বেশি দক্ষ ও জ্ঞানসম্পন্ন হবেন, শেয়ারবাজারের কার্যক্রমও তত বেশি কার্যকর হবে। শেয়ারবাজার শুধু শেয়ার কেনাবেচার জায়গা নয়। এই বাজারে মানুষের সঞ্চিত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পুঁজিও সংগ্রহ করা যায়। ফলে শেয়ারবাজারের কার্যক্রম দেশের অর্থনীতির বিভিন্ন অংশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। ছাত্রজীবনই ভবিষ্যতের ভিত্তি তৈরির সময়। এ সময়ে বিভিন্ন খাত সম্পর্কে বাস্তব ধারণা নেওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের বহুমাত্রিক দক্ষতায় নিজেদের তৈরি করতে হবে। শুধু একটি বিষয়ে জ্ঞান অর্জন করলেই হবে না। যে খাতে কাজ করার আগ্রহ রয়েছে, সে খাত সম্পর্কে বাস্তব জ্ঞানও অর্জন করতে হবে—উল্লেখ করেন এম সাইফুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানালেন, শেয়ারবাজারের কার্যক্রম পুরোপুরি বুঝতে হলে ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারীর সুরক্ষা, সার্ভেইলেন্স এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা নিতে হবে। শেয়ারবাজারের কার্যক্রম প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। তাই এ খাতে কাজ করতে হলে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে নিজেদের প্রস্তুত করা প্রয়োজন। শেয়ারবাজারের উন্নয়নে সিএসই সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অতীতে নতুন নতুন পণ্য চালুর ক্ষেত্রেও সিএসই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর ধারাবাহিকতায় দেশের শেয়ারবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ, আইসিটি বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ বিন হোসাইন ও মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। শেয়ারবাজারের কার্যক্রম ও ব্যবহারিক দিক নিয়ে উপস্থাপনা করেন সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ এবং আইটি বিভাগের কর্মকর্তারা।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোরশেদ, পিএসসি এবং শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষা সফরে শিক্ষার্থীদের বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যতে চালু হতে যাওয়া বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের ঝুঁকি ও রিটার্ন এবং বিনিয়োগকারীর সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএসইর কর্মকর্তারা।



