সূচকের ইতিবাচক ধারায় লেনদেনে ঊর্ধ্বগতি

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন বাজারে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বুধবার প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৬.৭২ পয়েন্ট বেড়ে ৫৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭.৭১ পয়েন্ট বেড়ে ১০৫৪ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস-৩০’ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে ২০৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৪০ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার তুলনায় বেশি। আজ বাজারে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ৭৬টির দর কমেছে এবং ৫২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
দর বৃদ্ধির তালিকায় আজ শীর্ষ স্থান দখল করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ১৩.৪১ শতাংশ বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিবিএস কেবলস পিএলসির শেয়ারদর বেড়েছে ৯.৮৫ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের দর বেড়েছে ৯.৮২ শতাংশ। দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো— অ্যাকমি পেস্টিসাইডস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, অগ্রণী ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অন্যদিকে, লেনদেনের দিক থেকে সবচেয়ে বড় ভূমিকা রেখে শীর্ষে ছিল সিটি ব্যাংক। এককভাবে কোম্পানিটির ১৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং এবং ১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক।
এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— এনভয় টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, মতিন টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং এবং সোনালী আঁশ।



