এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও লভ্যাংশে পতন

ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মুনাফায় পতন হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে ৭ টাকা ৯১ পয়সায় নেমেছে। এর প্রেক্ষাপটে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশও কমিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য এপেক্স ফুটওয়্যারের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
এর আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৮ টাকা ৬২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা ৭১ পয়সা বা প্রায় ৮ দশমিক ২৪ শতাংশ কমেছে।
মুনাফা কমার সঙ্গে সঙ্গে লভ্যাংশের পরিমাণও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে নগদ ও বোনাস— দুই ধরনের লভ্যাংশই ১০ শতাংশ করে পয়েন্ট কমেছে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৩৪৯ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৫ টাকা ৯০ পয়সা বেড়েছে।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশ নেওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৫ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির ৬৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দর ২১৫ টাকা ছিল।



