সিটি ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এর আগের বছর ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
সিটি ব্যাংক আগের বছরের তুলনায় ২০২৫ সালে শক্তিশালী আর্থিক সাফল্য অর্জন করেছে। ওই সাফল্যের ওপর ভিত্তি করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ প্রদানের হারও বাড়িয়েছে। ব্যাংকটি সমন্বিতভাবে মোট ১ হাজার ৩২৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের ১ হাজার ১৪ কোটি টাকা মুনাফার তুলনায় ৩১ শতাংশ বেশি। ব্যাংকটির মূল্য সংবেদনশীল (পিএসআই) থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৭১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬.৬৭ টাকা।
একই সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএ ছিল ৫৮.৮৪ টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৬৭ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে রবিবার কোম্পানির শেয়ারের লেনদেনের কোনও মূল্যসীমা থাকবে না।















