১০০ শিক্ষক-শিক্ষার্থী পেলেন বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ

প্রশিক্ষণে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন
শেয়ারবাজারে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং সচেতন বিনিয়োগকারী তৈরি করতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে আর্থিক জ্ঞান ও বিনিয়োগ সচেতনতা বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী। এতে ‘ফান্ডামেন্টাল অব ফিন্যান্সিয়াল লিটারেসি’ বিষয়ে আলোচনা করেন কমিশনের পরিচালক শেখ মাহবুব উর রহমান। ‘ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন’ বিষয়ে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির। এছাড়া বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক ‘ফিন্যান্সিয়াল প্ল্যানিং’ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, বিনিয়োগ ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীর অধিকার ও সুরক্ষা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশল এবং সচেতন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন এবং শেয়ারবাজারের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রশিক্ষণের সমাপনী পর্বে বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক সমাপনী বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
বিএসইসি জানিয়েছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যমান বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।




