সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি
- বিবিএসের প্রতিবেদন

বাজারে নিত্যপণ্যের দামে কিছুটা উত্তাপ থাকলেও সরকারি হিসাবে কমেছে মূল্যস্ফীতির হার। গত অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে বেড়েছে।
অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কনজ্যুমার প্রাইজ ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে। আজ সোমবার প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।
এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে বাজারে নিত্যপণ্যের দাম তেমন কমেনি। বরং কিছু পণ্যের দাম বেড়েছে, আর কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে।
এর আগে আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।



