গ্রিন ডেল্টার মেরিন কার্গো বিমা ব্যবসা ৩ মাসের জন্য স্থগিত

সংগৃহীত ছবি
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন কার্গো বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মেরিন কার্গো বিমা-সংক্রান্ত নিবন্ধন বাতিল না করার বিষয়ে জবাব চেয়েছে কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে আইডিআরএর একটি পরিদর্শক দল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন হারে প্রিমিয়াম অবনমন করে রেট দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
আইডিআরএর মতে, নির্ধারিত ট্যারিফের চেয়ে কম হারে প্রিমিয়াম গ্রহণ করে বিমা সুবিধা দেওয়ার এ কার্যক্রম বিমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের জারি করা সার্কুলার নম্বর ৮৩/২০২১-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় বিমা আইন, ২০১০-এর ১০(১) ধারা অনুযায়ী গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন কার্গো উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
পাশাপাশি বিমা আইন, ২০১০-এর ৬০(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মেরিন কার্গো উপশ্রেণির বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে আইডিআরএ।



