এনভিডিয়া সিইওর বার্ষিক সম্মানী ৪৪৩ কোটি টাকা
- বেতনের চেয়ে শেয়ার ও বোনাসেই বেশি

সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং ২০২৬ অর্থবছরে মোট ৩ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ৮৩০ ডলার পারিশ্রমিক পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে ধরলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৪৩ কোটি ৩৯ লাখ টাকা। তবে এই পারিশ্রমিকের বড় অংশই নগদ বেতন নয়; এসেছে শেয়ারভিত্তিক পুরস্কার ও কর্মদক্ষতার ওপর নির্ভরশীল নগদ প্রণোদনা থেকে। তার মূল বেতন ছিল ১৮ কোটি ২৭ লাখ টাকা। বিপরীতে শেয়ারভিত্তিক পুরস্কারের মূল্য দেখানো হয়েছে ৩০২ কোটি ১৭ লাখ টাকা। এ ছাড়া কর্মদক্ষতাভিত্তিক নগদ প্রণোদনা ৭৩ কোটি ২০ লাখ টাকা।
এনভিডিয়ার ২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও শেয়ারধারীদের জন্য প্রকাশিত বিবরণীতে সিইওর পারিশ্রমিকের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০২৫ অর্থবছরে হুয়াংয়ের মোট পারিশ্রমিক ছিল ৬০৮ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৬ অর্থবছরে তা কমে ৪৪৩ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। এক বছরে তার ঘোষিত মোট পারিশ্রমিক কমেছে প্রায় ২৭ শতাংশ। তবে পারিশ্রমিকের এই হিসাবের মধ্যে শেয়ার পুরস্কারের মূল্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা তিনি ওই অর্থবছরে নগদে পাননি।
২০২৬ অর্থবছরে জেনসেন হুয়াংয়ের মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ১৮ কোটি ৩০ লাখ টাকা। আগের অর্থবছরেও তার মূল বেতন প্রায় একই ছিল— ১৮ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ মূল বেতনে বড় কোনো পরিবর্তন হয়নি।
মূল বেতনের বাইরে হুয়াংয়ের জন্য ছিল কর্মদক্ষতাভিত্তিক নগদ প্রণোদনা। এ খাতে তার লক্ষ্যমাত্রা ছিল ৩৬ কোটি ৬০ লাখ টাকা। তবে কোম্পানির আয় নির্ধারিত সর্বোচ্চ লক্ষ্য ছাড়িয়ে যাওয়ায় তিনি লক্ষ্যমাত্রার দ্বিগুণ, অর্থাৎ ৭৩ কোটি ২০ লাখ টাকা পাওয়ার যোগ্য হন। এই অর্থ কোম্পানির বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে যুক্ত ছিল।
হুয়াংয়ের পারিশ্রমিকের সবচেয়ে বড় অংশ এসেছে শেয়ারভিত্তিক পুরস্কার থেকে। ২০২৬ অর্থবছরের জন্য এ খাতে তার পুরস্কারের হিসাব দেখানো হয়েছে ৩০২ কোটি ১৭ লাখ টাকা। এই শেয়ার পুরস্কার সরাসরি নগদ অর্থ নয়। এনভিডিয়া হিসাববিজ্ঞানের নির্ধারিত পদ্ধতিতে শেয়ার বরাদ্দের তারিখের ন্যায্যমূল্য ধরে এর অর্থমূল্য প্রকাশ করেছে। ফলে বার্ষিক প্রতিবেদনে দেখানো ৩০২ কোটি ১৭ লাখ টাকাকে হুয়াংয়ের হাতে পাওয়া নগদ অর্থ হিসেবে বিবেচনা করা যাবে না। পুরস্কারগুলো নির্দিষ্ট সময় ধরে কোম্পানিতে কর্মরত থাকা এবং নির্ধারিত কর্মদক্ষতার শর্ত পূরণের ওপর নির্ভরশীল।
হুয়াংয়ের পারিশ্রমিকের ‘অন্যান্য সুবিধা’ খাতে দেখানো হয়েছে ৪৯ কোটি ৩৬ লাখ টাকা। এর বড় অংশই তার ও পরিবারের নিরাপত্তা ব্যবস্থায় কোম্পানির ব্যয়। এ ছাড়া কোম্পানির ৪০১(কে) অবসর সঞ্চয় পরিকল্পনায় অবদান বাবদ ১৪ লাখ টাকা এবং জীবন বীমার প্রিমিয়াম বাবদ ২৬ লাখ ৭২ হাজার টাকা অন্যান্য পারিশ্রমিকের হিসাবে যুক্ত হয়েছে। হুয়াংয়ের ব্যক্তিগত নিরাপত্তার অংশ হিসেবে কোম্পানির ব্যবস্থাপনায় ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সুবিধাও ছিল। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে কোম্পানির উড়োজাহাজ ব্যবহার করলে সংশ্লিষ্ট অতিরিক্ত ব্যয় হুয়াং নিজেই কোম্পানিকে পরিশোধ করেন।



