রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা

গ্রাফিকস: আগামীর সময়
রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালকে অব্যাহতি দিয়ে তার পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী মো. আলী আফজাল একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন এবং তিনি নিজে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী, কোনো বাণিজ্য সংগঠনের কর্মকর্তা ঋণখেলাপি হলে তিনি ওই পদে থাকার যোগ্যতা হারান। এই আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবেই রিহ্যাবের সভাপতির পদটি শূন্য ঘোষণা করা হলো।
এর আগে, রিহ্যাবের পরিচালনা পর্ষদের একটি অংশ সভাপতি মো. আলী আফজালের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানায়।



