প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে ব্যাংকিং সমঝোতা সই

সংগৃহীত ছবি
উচ্চশিক্ষা খাতে ব্যাংকিং সেবা সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের বিশেষায়িত শিক্ষা উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় এই চুক্তি সম্পন্ন হয়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা সুবিধা চালু হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক হিসাব পরিচালনা, বেতন ব্যবস্থাপনা, বিশেষ সঞ্চয়ী হিসাব, প্রয়োজনীয় ঋণসুবিধা, ক্রেডিট কার্ড এবং নানাবিধ দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান। একই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাক্ষরিত দলিল হস্তান্তর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য বিশেষায়িত সেবাগুলো তুলে ধরে এম এম মাহবুব হাসান জানান, প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে শিক্ষা খাতের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সেবা তৈরি করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে আর্থিক সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকবান্ধব ডিজিটাল সেবাকে সমান গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংকিং সেবার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে আর্থিক সচেতনতার সংযোগ ঘটিয়ে শিক্ষাঙ্গনে একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পরিবেশ তৈরিতে ব্যাংকটি ভূমিকা রাখতে চায়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






