বাংলাদেশের ওয়েলনেস খাতের উন্নয়নে থাই প্রতিষ্ঠানের সঙ্গে রেজুভার অংশীদারত্ব

সংগৃহীত ছবি
বাংলাদেশের ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু (হেলদি লংজিভিটি) খাতকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ এবং বাংলাদেশের রেজুভা ওয়েলনেস।
গত বুধবার রাজধানীর আদাবরে রেজুভা ওয়েলনেসের শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দুটি তাদের এই যৌথ লক্ষ্যের কথা তুলে ধরে। একই অনুষ্ঠানে 'জেনেসেন কর্নার'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, ব্যাংককে এর আগে সই হওয়া একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে এই সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে থাই বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানো হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ কে এম শাহরিয়ার ধাপে ধাপে এই সহযোগিতা এগিয়ে নেওয়ার রূপরেখা উপস্থাপন করেন। রেজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও কমিউনিটির জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি এ সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মানোন্নয়নে এই অংশীদারত্বের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অংশীদার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাদের ভবিষ্যৎ কার্যক্রম ধাপে ধাপে পরিকল্পনা করা হবে। তবে নতুন কোনো চিকিৎসাসেবা চালুর আগে পৃথক পেশাগত পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রযোজ্য অনুমোদন নেওয়া হবে।



