এমজিআইর অর্থনৈতিক অঞ্চলগুলোতে ২ লাখ চারা রোপণ

পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্পায়নের অঙ্গীকার থেকে নিজেদের ইকোনমিক জোনগুলোতে দুই লাখ গাছের চারা রোপণ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর কুমিল্লা ইকোনমিক জোনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন এবং কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান। কর্মসূচিতে নেতৃত্ব দেন এমজিআইর চেয়ারম্যান ও কেবিসিসিআইর উপদেষ্টা মোস্তফা কামাল।
মোস্তফা কামাল বলেছেন, শিল্পের প্রবৃদ্ধি এমন হওয়া উচিত, যাতে আমরা ভূমিকে আরও সবুজ করে রেখে যেতে পারি। কোরিয়ার রাষ্ট্রদূত জানান, রোপণ করা প্রতিটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অঙ্গীকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি রাষ্ট্রদূত ফারুক সোবহান। এ ছাড়া কোরিয়া দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।



