এক চার্জে ৪০০ কিমি চলবে আকিজের ‘জেএমইভি ই-লাইট’

সংগৃহীত ছবি
দেশের পরিবহন খাতে পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের প্রসারে সম্পূর্ণ বিদ্যুৎচালিত প্রিমিয়াম গাড়ি 'জেএমইভি ই-লাইট' বাজারে এনেছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (এআরইএএল)। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড 'অ্যারা'র উদ্যোগে গত বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত 'থার্ড বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স ২০২৬)'-এর প্রথম দিনে গাড়িটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আধুনিক নকশা ও প্রযুক্তির এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৪০০ কিলোমিটারের বেশি পথ চলার সক্ষমতা রাখে। ফলে দীর্ঘ দূরত্বের যাতায়াতেও এটি আধুনিক ও পরিবেশবান্ধব গাড়িপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ হয়ে উঠবে।
গাড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১০ দশমিক ২৫ ইঞ্চি ও ১২ দশমিক ৩ ইঞ্চির সমন্বয়ে অত্যাধুনিক ডুয়াল স্ক্রিন ডিসপ্লে, ইলেকট্রিক ড্রাইভিং সিট, ইন্টেলিজেন্ট থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত এলইডি হেডল্যাম্প। এ ছাড়া ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট প্রযুক্তি, তিনটি ড্রাইভিং মোড, উচ্চ শক্তিসম্পন্ন স্টিল-অ্যালুমিনিয়াম হাইব্রিড বডি স্ট্রাকচার, ফোর-হুইল ইনডিপেনডেন্ট সাসপেনশন এবং বিশেষায়িত ব্যাটারি সুরক্ষা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। প্রদর্শনী উপলক্ষে অ্যারা তাদের অন্যান্য এসইউভি ও এমপিভি বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের জন্য টেস্ট ড্রাইভের ব্যবস্থাও রেখেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জয়নুল আবেদীন, বিজনেস ইউনিট হেড এবং হেড অব মার্কেটিংসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা উল্লেখ করেন, তাদের এই উদ্যোগ দেশের ইলেকট্রিক ভেহিকেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বিনিয়োগের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। প্রযুক্তি, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে জেএমইভি ই-লাইট গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, 'অ্যারা' ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশে একটি সমন্বিত ইলেকট্রিক ভেহিকেল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এর আওতায় বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি চার্জিং অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি সমাধান এবং গ্রাহককেন্দ্রিক বিক্রয়োত্তর সেবাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।



