বিআইডব্লিউটিএর পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ

সংগৃহীত ছবি
মুদ্রিত কুপনের পরিবর্তে অনলাইন বুকিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে বিআইডব্লিউটিএর পাইলটেজ ও পাইলট ম্যানেজমেন্ট কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রণীত সফটওয়্যারের ড্রাফট ফাইনাল সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন বা এসআরএস-এর ওপর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মো. মোয়াজ্জেম হোসেন, গ্রেড-২; সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) ও যুগ্মসচিব মো. সাজেদুর রহমান এবং সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
সভায় যৌথভাবে নিয়োজিত প্রতিষ্ঠান এসইবিপিও এবং এআইআইএম গ্লোবাল জেভি সফটওয়্যারটির খসড়া এসআরএস উপস্থাপন করে। ভেন্ডর প্রতিনিধিরা চট্টগ্রাম, চাঁদপুর, আরিচা, পাটুরিয়া, খুলনা ও বরিশাল শাখা পরিদর্শন করে মাঠপর্যায়ের কার্যপদ্ধতি পর্যালোচনা করে এই রূপরেখা তৈরি করেছেন।
বর্তমানে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানগুলোর পাইলটেজ সেবা নিতে মুদ্রিত কুপন ব্যবহার করতে হয় এবং ইমেইল, হোয়াটসঅ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতিতে বুকিং সমন্বয় করা হয়। এতে তথ্য সংরক্ষণ ও রাজস্বের হিসাব মেলানো সময়সাপেক্ষ হয়ে পড়ে। নতুন এই সফটওয়্যার চালুর মাধ্যমে নৌযান মালিকরা অনলাইনে একক বা একাধিক নৌযানের পাইলট বুকিং দিতে পারবেন এবং একপে ও সোনালীপে গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।
এ ছাড়া রুটভিত্তিক স্বয়ংক্রিয় কুপন হিসাব, পাইলট নিয়োগ ও রোটেশন, মোবাইল অ্যাপের মাধ্যমে চেক-ইন ও লোকেশন যাচাই, বিআইডব্লিউটিসি ফেরি পরিচালনার পৃথক ব্যবস্থা এবং এসএমএস নোটিফিকেশনের সুবিধা থাকবে।
সভায় সফটওয়্যারটির কার্যকারিতা, কর্মপ্রবাহ এবং বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম সফটওয়্যারটি ব্যবহারবান্ধব ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মতামতের ভিত্তিতে এর চূড়ান্ত রূপায়ণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
কর্তৃপক্ষ আশা করছে, এই সফটওয়্যার চালু হলে মুদ্রিত কুপন ও জালিয়াতির ঝুঁকি দূর হবে, পাইলটেজ রাজস্ব আদায় আরও স্বচ্ছ হবে এবং নৌযান মালিকরা ঘরে বসেই দ্রুত সেবা পাবেন। একই সঙ্গে পাইলটদের ডিউটি তদারকি সহজ হওয়ায় নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।



