ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম ৫ ডিসেম্বর

সংগৃহীত ছবি
সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিং পেশাজীবীদের নিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ (স্কোয়াট বাংলাদেশ ২০২৬)। রাজধানীর হোটেল শেরাটনে দিনব্যাপী এই আয়োজনে যোগ দেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ার ডেনু। এবারের সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’।
আজ মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ড. কে এম হাসান রিপন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান।
আয়োজকেরা জানান, সিম্পোজিয়ামে দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং লিডার, সিআইও, সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদরা অংশ নেবেন। দিনব্যাপী আয়োজনে গ্লোবাল এক্সপার্টদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাদার নেটওয়ার্কিং এবং সার্টিফিকেশন ও ক্যারিয়ার বিষয়ক নানা অধিবেশন থাকবে। অংশগ্রহণকারীরা আইএসটিকিউবি গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত সনদ লাভ করবেন।
বিএসটিবির লক্ষ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখতে চায় সংস্থাটি। এর মাধ্যমে সফটওয়্যার কিউএ ও টেস্টিং খাতকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প এবং আইটি সেবা রপ্তানি প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যার কোয়ালিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উল্লেখ করে আয়োজকেরা জানান, দক্ষতা, আন্তর্জাতিক সনদ, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সুযোগকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য।
এবারের সিম্পোজিয়ামে একাডেমিক পার্টনার হিসেবে থাকছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগ্রহীরা http://sqat.bstb-bd.org ওয়েবসাইটের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে বিএসটিবির সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, বোর্ড সদস্য প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম), বোর্ডের অন্যান্য সদস্য এবং একাডেমিক পার্টনার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



