১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫৩৯০ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ

সংগৃহীত ছবি
১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় এ ডিপোজিট সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকা এবং ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ কর্মদিবসে আরও ২ হাজার ৩৮৭ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করা হয়। সব মিলিয়ে ১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ করেছে ব্যাংকটি।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেছেন, অতীতের ব্যাংকিং পরিস্থিতি কাটিয়ে বিপুল পরিমাণ ডিপোজিট অর্জন ব্যাংকের কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অব্যাহত সমর্থনের ফল। গ্রাহকদের আস্থাই ব্যাংকের শক্তি বলে উল্লেখ করেছেন তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেছেন, বিপুল পরিমাণ ডিপোজিট সংগ্রহ সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন ও দলগত প্রচেষ্টার ফল। গ্রাহকসেবার মান প্রতিদিন আরও উন্নত করার জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং নিবেদিত কর্মীদের দলগত প্রচেষ্টার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে।



