বাংলাদেশে ডাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক কোয়াড হাব

সংগৃহীত ছবি
বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তি সম্প্রসারণে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বা জাতীয় পরিবেশক হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে কোয়াড হাব লিমিটেড। গত ২ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডাহুয়া সাউথ এশিয়া আঞ্চলিক কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই ন্যাশনাল ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কোয়াড হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন আহমেদ এবং ডাহুয়া টেকনোলজির সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক কেভিন ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় কোয়াড হাব লিমিটেড জাতীয় পরিবেশক হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ডাহুয়ার আধুনিক ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেমের বিপণন, সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং, প্রযুক্তিগত সহায়তা এবং বিক্রয়োত্তর সেবা বিস্তৃত করবে। একই সঙ্গে নকশা প্রণয়ন থেকে শুরু করে সরবরাহ, স্থাপন ও পরীক্ষার সমন্বিত সেবা দেওয়ার মাধ্যমে দেশের ফায়ার সেফটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে কোয়াড হাব লিমিটেডের পক্ষ থেকে পরিচালক প্রকৌশলী মনজুর আলম, পরিচালক মো. হাবিবুর রহমান হেলাল ও পরিচালক বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ডাহুয়া বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা এতে অংশ নেন।
চুক্তি সম্পর্কে কোয়াড হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন আহমেদ জানান, দেশের ফায়ার অ্যান্ড লাইফ সেফটি খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডাহুয়া টেকনোলজির উন্নত প্রযুক্তি এবং কোয়াড হাবের স্থানীয় বাজারের অভিজ্ঞতা, প্রকৌশল দক্ষতা ও সক্ষমতার সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মানসম্মত সমাধান পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও যুক্ত করেন, আগুনের ঝুঁকি মোকাবিলায় শুধু অগ্নিনির্বাপণ নয়, বরং প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, দ্রুত সতর্কবার্তা প্রদান এবং দ্রুত জরুরি সাড়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাহুয়ার ফায়ার অ্যালার্ম প্রযুক্তি দেশের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
অন্যদিকে ডাহুয়া টেকনোলজির সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক কেভিন ঝাং বলেন, বাংলাদেশ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। কোয়াড হাব লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের অগ্নিনিরাপত্তা খাতে আধুনিক প্রযুক্তি ও সমাধান বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা সক্ষমতা আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই চুক্তির ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা, বাণিজ্যিক ও বহুতল ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক কমপ্লেক্স ও শপিং মলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আধুনিক ফায়ার ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেমের ব্যবহার বৃদ্ধি পাবে। প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ ও দ্রুত সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে অগ্নিকাণ্ডজনিত প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। ডাহুয়া টেকনোলজির আন্তর্জাতিক প্রযুক্তিগত সক্ষমতা এবং কোয়াড হাবের স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে কৌশলগত এই অংশীদারিত্ব অগ্নিনিরাপত্তা খাতে জীবন সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।





