ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসে সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্ত্তী

সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউজ অব লর্ডস’-এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের নারী উদ্যোক্তা ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। এশিয়াওয়ান মিডিয়া আয়োজিত ‘২৮তম এশিয়া-আফ্রিকা-ইউরোপ ইনভেস্টর ফোরাম ২০২৬’ এবং ‘এশিয়াওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০২৬’-এ তাকে ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০২৬’ সম্মাননা দেওয়া হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের হাউজ অব লর্ডসের ঐতিহ্যবাহী ‘চোমন্ডেলি রুমে’ এক জমকালো পুরস্কার বিতরণী ও গালা ডিনারে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
হাউজ অব লর্ডসের সদস্য দ্য রাইট অনারেবল লর্ড ঢোলাকিয়া ওবিই ডিএলের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, বেসরকারি চিকিৎসা শিক্ষার প্রসার ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে দূরদর্শী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রীতি চক্রবর্ত্তীকে এই বৈশ্বিক সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি ‘ইনভেস্টরস অ্যান্ড ইনোভেশনস’ শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের মূল অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এ ছাড়া এশিয়াওয়ানের বিশেষ প্রকাশনা ‘দ্য নিউ ওয়েলথ ড্রাইভারস অব দ্য ওয়ার্ল্ড’-এ তার নেতৃত্ব ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক এই অর্জন প্রসঙ্গে প্রীতি চক্রবর্ত্তী বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডসের মতো ঐতিহাসিক মঞ্চে এই সম্মাননা অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের স্বাস্থ্য খাত ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রার এক অনন্য বৈশ্বিক স্বীকৃতি। এই অর্জন আগামী দিনে দেশের মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে আমাকে অনুপ্রাণিত করবে।
প্রীতি চক্রবর্ত্তী ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যানের পাশাপাশি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সহসভাপতি এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় তার পৈতৃক নিবাস। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তী ও পুষ্প চক্রবর্ত্তীর সাত সন্তানের মধ্যে তিনি সবার বড়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্সের সংসদ সদস্য লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড রাজ লুম্বা, মাইক উড এমপি, বেল রিবেইরো-অ্যাডি এমপি, শওকত আদম এমপি এবং সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও নীতিনির্ধারক ড. আরশি আইয়ুবসহ আন্তর্জাতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



