নেক্সটজবজ ক্যারিয়ার সামিট: ১০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে সরাসরি চাকরির সুযোগ

সংগৃহীত ছবি
চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে এ মেলার আয়োজন করে নেক্সটজবজ লিমিটেড।
দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। যেখানে ৭৫০টির মতো পদের বিপরীতে প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে তাৎক্ষণিক চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত জরুরি। কেবল শিক্ষাগত যোগ্যতা নয়, বরং প্রযুক্তির পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই কর্মসংস্থানকে আরও কার্যকর করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। একই প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থী, নিয়োগকারী ও দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমকে যুক্ত করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
আয়োজনে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী, সদ্য স্নাতক ও অভিজ্ঞ পেশাজীবীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম নেক্সটজবজ লার্নিং ল্যাব এবং হেডহান্টিং প্ল্যাটফর্ম নেক্সট রিসোর্স-এর নানা সেবা প্রদর্শনের পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের দিকনির্দেশনা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল।






