কাঁচা পাট
রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

কাঁচা পাট রপ্তানিকারকদের বিরূপমানে শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকৃত ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনঃতফসিলের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করা যাবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
এতে বলা হয়, কাঁচা পাট রপ্তানিকারকদের বিদ্যমান সমস্যা সমাধানে এর আগে ২০২২ সালের ৭ জুলাই, ২০২৫ সালের ১৩ অক্টোবর এবং চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিভিন্ন সার্কুলার ও নির্দেশনা জারি করা হয়। এসব নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল। এর আগে শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনঃতফসিলের আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ জুন। এ অবস্থায় কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত এসএস (সাব-স্ট্যান্ডার্ড), ডিএফ (ডাউটফুল) ও বিএল (ব্যাড লস) ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে পুনঃতফসিল সুবিধার জন্য ব্যাংকে আবেদন করা যাবে।
তবে শুধু আবেদন করলেই পুনঃতফসিলের সুবিধা পাওয়া যাবে না। নির্ধারিত ডাউন পেমেন্টসহ সংশ্লিষ্ট সব শর্ত পূরণ করতে হবে।



