মিরসরাই অর্থনৈতিক অঞ্চল
২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

দেশের অন্যতম বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ১০ একর জমিতে নির্মাণের পরিকল্পনা করা এ কারখানায় লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান, কেবলসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য উৎপাদন করা হবে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এমইপি অ্যাক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে জানানো হয় বিনিয়োগের এ তথ্য।
এই বৃহৎ সম্প্রসারণ পরিকল্পনা সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেলের চাবি ও দুটি ফ্রিজ তুলে দেওয়া হয়। এ সময় পণ্যের প্রদর্শনী ও ব্যবসায়িক মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেছেন, এমইপি বাংলাদেশের অন্যতম পুরনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নত মানের এবং বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির এমডি ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার জানালেন, নতুন কারখানাটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়; এটি পণ্যের মান, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার বলেছেন, নতুন কারখানার উৎপাদন বাজারে আসার আগেই অংশীদার ও গ্রাহকদের সঙ্গে নিয়ে বাজার সম্প্রসারণ এবং শক্তিশালী বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।
আয়োজকরা জানিয়েছেন, এমইপি অ্যাক্সেসরিজের বিশেষ অফার আগামী অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।



