এক পলক

গ্রাফিকস: আগামীর সময়
করপোরেট কর অপরিবর্তিত
বিনিয়োগকারীদের নির্দিষ্ট হারে করারোপের নিশ্চয়তা দিতে বিদ্যমান করপোরেট করহার আগামী কর বছরে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আগামী দিনগুলোতে করের আওতা বাড়িয়ে কাঙ্ক্ষিত কর আদায়ের মাধ্যমে ধীরে ধীরে করপোরেট করের হার কমিয়ে আনার রূপরেখা দেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ সুবিধা
সৌরবিদ্যুৎ উৎপাদনে শূন্য শুল্ক: নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুৎ খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর শূন্য শতাংশ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এটি আগামী ৩০ জুন, ২০৩১ পর্যন্ত বলবৎ থাকবে।
তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের সুবিধা
তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তরুণদের উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করতে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
এসএমই ও নারী উদ্যোক্তাদের করছাড়
ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের বিকাশে উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয় করমুক্তের প্রস্তাব করা হয়েছে। নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে তথ্য সমন্বয়
কর ফাঁকি রোধ ও কর জাল সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যভাণ্ডারকে দেওয়া হচ্ছে আধুনিক রূপ। সেন্ট্রাল ডেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে ডেটাবেজকে সংযুক্ত করা হবে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে।
স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদনে ছাড়
সরকারের কল্যাণমুখী নাগরিক সুবিধা— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ডসহ সব ধরনের স্মার্ট কার্ড ও ব্যাংকিং ডেবিট বা ক্রেডিট কার্ড উৎপাদনে প্রস্তাব করা হয়েছে। অত্যাবশ্যক ১০টি কাঁচামাল আমদানিতে ৫ শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার।
সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা
সরকারি পরিকল্পনা প্রণয়ন ও নাগরিক সেবা আরও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা সেন্টার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন
স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো-ফ্রিলস অ্যাকাউন্ট ও বোর্ডের অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য যেকোনো ব্যক্তির ব্যাংক হিসাব খোলার সময় প্রস্তাব করা হয়েছে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল করা বাধ্যতামূলকের বিধান।
বীমা খাতে উৎসে কর কমছে
বীমা খাতে রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বীমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।
৪ লাখ টাকা পর্যন্ত নেই আবগারি শুল্ক
ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংকে জমানো টাকার ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে দিতে হবে না কোনো আবগারি শুল্ক। এ ছাড়া ঋণের অ্যাকাউন্টে বছরে একবারই আবগারি শুল্ক কাটার বিধান হচ্ছে।
মোবাইল ফোন উৎপাদনে কাঁচামালের কর হ্রাস
স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫ ও ২ শতাংশ থেকে কমিয়ে নামিয়ে আনা হয়েছে ১ শতাংশে।
জ্বালানি তেল সরবরাহে উৎসে কর হ্রাস
রিফাইনারি থেকে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১.৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তামাক পণ্যে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি
অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধ করে সরকারের রাজস্ব আদায় নিশ্চিতে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড়ভাবে মনিটরিংয়ে নেওয়া হয়েছে উদ্যোগ। সিগারেট ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।
প্রবীণদের যাতায়াতে বড় সুবিধা
৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে উদ্যোগ। এখন থেকে তারা ট্রেনে যাতায়াত করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি মেট্রোরেল ভাড়ায় দেওয়া হবে ২৫ শতাংশ ছাড়।




