আগামী বছর ব্যাংকে ছুটি ৩০ দিন

গ্রাফিকস: আগামীর সময়
আগামী বছরের (২০২৭) জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে মোট ৩১ দিনের ছুটির তালিকা করা হয়েছে। তবে এর মধ্যে ১ দিন বেশি ছুটি থাকবে শুধু তিন পার্বত্য অঞ্চলে। এর বাইরে ৩০ দিন থাকবে সবার জন্য সরকারি ছুটি।
সরকার ঘোষিত ছুটির সঙ্গে মিলিয়ে আজ রবিবার ব্যাংকের ছুটির এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংক কর্মীরা সবচেয়ে বেশি ছুটি পাবেন মার্চ ও মে মাসে, ৮ দিন করে। মার্চ মাসে ঈদুল ফিতর, শবেকদর, স্বাধীনতা দিবস ও জুমাতুল বিদার ছুটি মিলিয়ে মোট ৮ দিন ব্যাংকে ছুটি থাকবে। এর মধ্যে জুমাতুল বিদার ছুটি পড়েছে শুক্রবার।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ওই দিনের সরকারি ছুটি বাদ দিলে মার্চে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে ৮ থেকে ১২ মার্চ টানা ৫ দিন ছুটি থাকবে ঈদুল ফিতরের। আর জুমাতুল বিদার ছুটি ৫ মার্চ, শবেকদরের ছুটি ৭ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকবে ব্যাংকে।
একইভাবে মে মাসের ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে ৬ দিনের। ১৫ মে শনিবার থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তাই দিনটি বাদ দিলেও ঈদুল আজহায় ৫ দিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা।
ঘোষিত ছুটির তারিখ অপরিবর্তিত থাকলে ঈদুল আজহায় ৯ দিনের লম্বা ছুটি ভোগ করতে পারবেন ব্যাংকাররা। কারণ, ১৪ মে শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ১৫ মে থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ২১ ও ২২ মে শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলার সিদ্ধান্ত না হলে সাপ্তাহিক এই দুদিনের ছুটিও যুক্ত হবে ঈদের ছুটির সঙ্গে। ফলে ঈদুল আজহার ছুটির আগে–পরে মিলিয়ে মোট ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।
এ ছাড়া ১ মে শনিবার মে দিবসের ও ২০ মে বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ঘোষিত ছুটি রয়েছে। যদিও বুদ্ধপূর্ণিমার ছুটির দিনটি ঈদুল আজহার ছুটির সঙ্গে একীভূত হয়ে যাবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনে পড়া সরকারি ছুটির দিনগুলো বাদ দিলে ব্যাংকে প্রকৃত ছুটি থাকবে ৫ দিন।
কোন মাসে কয় দিন ছুটি
জানুয়ারিতে ৩ দিনের টানা ছুটি : আগামী বছর ব্যাংকের সরকারি ছুটি শুরু হবে ২৪ জানুয়ারি রবিবার শবেবরাতের ছুটি দিয়ে। যদিও ছুটির ঘোষিত এই তারিখ চাঁদ দেখাসাপেক্ষে পরিবর্তিত হতে পারে। যদি চাঁদ দেখাসাপেক্ষে ২৪ জানুয়ারি রবিবার শবেবরাতের ছুটির পরিবর্তন না হয়, তাহলে এই ছুটিকে কেন্দ্র করেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ দিনের টানা ছুটি পাবেন ব্যাংকাররা।
ফেব্রুয়ারিতে ৩ দিনের টানা ছুটি : আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংকে সরকারি ছুটি রয়েছে ১ দিন। সেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, রবিবার। এই দিনের ছুটির সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ফেব্রুয়ারি মাসেও ২১ ফেব্রুয়ারির ছুটিকে কেন্দ্র করে টানা ৩ দিন ছুটি পাবেন ব্যাংকাররা।
মার্চে ৯ দিনের টানা ছুটি : বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, বলতে গেলে ৫ মার্চ শুক্রবার থেকে শুরু হয়ে ১৩ মার্চ শনিবার পর্যন্ত ৯ দিনের টানা ছুটি থাকবে ব্যাংকে। এর মধ্যে শুক্রবারসহ ঈদের ছুটি ৫ দিন, জুমাতুল বিদার ছুটি ১ দিন (শুক্রবার), সাপ্তাহিক ছুটি ২ দিন (৬ ও ১৩ মার্চ) এবং ৭ মার্চ শবেকদরের ছুটি। এই ছুটির তালিকা পরিবর্তিত না হলে মার্চের শুরুতে ব্যাংকাররা একটানা লম্বা ছুটি পাবেন।
এপ্রিলে ছুটি ১ দিন, তবে : বাংলা নববর্ষ উপলক্ষে এপ্রিলে ছুটি থাকবে ১ দিন। সেটি ১৪ এপ্রিল, বুধবার। তিন পার্বত্য অঞ্চলে এই ছুটি হবে ১৩ এপ্রিল, মঙ্গলবার। তবে ব্যাংকাররা আগে থেকে পরিকল্পনা করলে এই ছুটিকে কেন্দ্র করে কয়েক দিনের টানা ছুটির সুবিধা পাবেন। সে ক্ষেত্রে ১৫ এপ্রিল, বৃহস্পতিবার ১ দিনের ছুটি নিলে যুক্ত হবে শুক্র ও শনিবার ২ দিনের সাপ্তাহিক ছুটি। তাতে টানা ছুটি পাওয়া যাবে ৪ দিনের।
মে মাসে লম্বা ছুটি : মে দিবসের ছুটি দিয়ে ১ মে শুরু হবে এই মাসের ছুটির হিসাব। এরপর রয়েছে ১৫ মে শনিবার থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত ঈদুল আজহার টানা ৬ দিনের ছুটি। এই ছুটির আগে–পরে যোগ হবে ৩ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে ঈদুল আজহার ছুটি দাঁড়াবে মূলত ৯ দিনে। এই ছুটির সঙ্গে একীভূত হয়ে যাবে বুদ্ধপূর্ণিমার ছুটিও।
জুনেও আছে ছুটির ফাঁদ : বছরের মাঝখানের এই মাসটিতে ব্যাংকে সরকারি ছুটি ১ দিন। সেটি ১৬ জুন, বুধবার আশুরার ছুটি। এই ছুটির সঙ্গে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলে তার সঙ্গে যোগ হবে ২ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে ১ দিন বাড়তি ছুটি নিলে পাওয়া যেতে পারে ৪ দিনের টানা ছুটি।
জুলাইয়েও টানা ৩ দিনের ছুটি : এই মাসে ব্যাংকের সরকারি ছুটি ১ দিন। সেটি ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই। দিনটি বৃহস্পতিবার হওয়ায় এই ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। তাতে টানা ছুটি হতে পারে ৩ দিনের।
আগস্টে ছুটি ৩ দিন, তবে : এই মাসের প্রথম সরকারি ছুটি ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত এই দিনে সরকারি ছুটি পড়েছে বৃহস্পতিবার। ফলে তার সঙ্গে যুক্ত হবে ২ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে আগস্টের শুরুতে টানা ৩ দিনের ছুটি পাবেন ব্যাংকাররা। এরপর ১৫ আগস্ট রবিবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১ দিনের সরকারি ছুটি। তার সঙ্গেও যুক্ত হবে শুক্র ও শনিবারের ২ দিনের সাপ্তাহিক ছুটি। আর ২৫ আগস্ট বুধবার জন্মাষ্টমী উপলক্ষে রয়েছে ১ দিনের সরকারি ছুটি। এই ছুটির সঙ্গে মিলিয়ে কেউ বৃহস্পতিবার ১ দিনের ছুটি নিলে তার সঙ্গে পাওয়া যাবে ২ দিনের সাপ্তাহিক ছুটি।
সেপ্টেম্বরে কোনো ছুটি নেই : বাংলাদেশ ব্যাংক–ঘোষিত সরকারি ছুটির তালিকায় এই মাসে সাপ্তাহিক ছুটির বাইরে কোনো ছুটি নেই।
অক্টোবরেও ৩ দিনের ছুটি : ঘোষিত তালিকা অনুযায়ী এই মাসে সরকারি ছুটি রয়েছে ২ দিন। হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর, শনি ও রবিবার সরকারি ছুটি থাকবে ব্যাংকে। তার সঙ্গে যুক্ত হবে শুক্রবারের ১ দিনের সাপ্তাহিক ছুটি। ফলে ৩ দিনের টানা ছুটি পাবেন ব্যাংকাররা।
নভেম্বরে ছুটি ১ দিন, তবে : ঘোষিত তালিকা অনুযায়ী, এই মাসে ছুটি ১ দিন। সেটি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি। দিনটি রবিবার হওয়ায় এই ছুটির সঙ্গে ২ দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকাররা ৩ দিনের টানা ছুটি পাবেন।
ডিসেম্বরে ছুটি ৩ দিন : আগামী বছরের শেষ মাসটিতে ব্যাংকে ঘোষিত সরকারি ছুটি রয়েছে ৩ দিন। তার মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটির দিনে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে ২ দিনের সাপ্তাহিক ছুটিসহ ৩ দিনের টানা ছুটি পাবেন ব্যাংকাররা। এ ছাড়া বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার ব্যাংকে সরকারি ছুটি থাকবে। এই দুটি ছুটিই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।



