৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের সব সেবা

সংগৃহীত ছবি
পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন ও উন্নয়নের কাজ করার কারণে ৪ দিন বন্ধ থাকবে। এ জন্য ব্যাংকটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি চেকের মাধ্যমে লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) কার্যক্রমও বন্ধ থাকবে।
এ ছাড়া ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেল (পিওএস), এটিএম, ই-কমার্স ও ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকটির সব ডিজিটাল সেবাও এ সময় পাওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে এ অনুমতি দিয়েছে। কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডেশন ও আধুনিকায়নের জন্য এ কার্যক্রম নেওয়া হয়েছে।



