বিএসইসির পক্ষে দুই রায়

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারসংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের চেম্বার আদালত থেকে পক্ষে রায় পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ক্লোজড-এন্ড (মেয়াদি) মিউচুয়াল ফান্ডকে ওপেন-এন্ড (বেমেয়াদি) ফান্ডে রূপান্তর বা অবসায়ন এবং বেস্ট হোল্ডিংস-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাধা কাটল।
গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারপতি ফারাহ মাহবুব দুটি পৃথক রিটে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত এবং স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, আপিল বিভাগের সর্বশেষ আদেশে ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তর বা অবসায়ন এবং বেস্ট হোল্ডিংস-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আর বাধা নেই।
ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর বা অবসায়নসংক্রান্ত মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এর বিধি ৬২(২) এবং ৭ মে জারি করা আদেশের বিরুদ্ধে সম্প্রতি পাঁচজন ইউনিটধারী রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে হাইকোর্ট থেকে একটি স্থিতাবস্থা আদেশ জারি হয়েছিল। তবে বুধবার সেই আদেশ স্থগিত করা হয়। এর আগে মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে বিএসইসি গত ৯ জুন এবং ১১ জুন ট্রাস্টিদের পৃথক চিঠি পাঠায়।
এদিকে বেস্ট হোল্ডিংস-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর থাকা স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।




