দুই মাসের সংকোচন কাটিয়ে সম্প্রসারণে অর্থনীতি

গ্রাফিকস: আগামীর সময়
টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এ মাসে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—চারটি প্রধান খাতেই সূচক ৫০-এর ওপরে ওঠায় অর্থনীতিতে পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমের গতি এখনো দুর্বল।
আজ সোমবার প্রকাশিত অক্টোবর ২০২৬-এর পিএমআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে। পিএমআই সূচকে ৫০-এর বেশি স্কোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং ৫০-এর নিচের স্কোর সংকোচন নির্দেশ করে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে চারটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল কৃষি। এ খাতের পিএমআই আগের মাসের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ পৌঁছেছে। এর মধ্য দিয়ে টানা ১৪ মাস সম্প্রসারণের ধারায় থাকল কৃষি খাত। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি অসমাপ্ত অর্ডার এবং উপকরণের ব্যয়সংক্রান্ত সূচকেও উন্নতি হয়েছে।
উৎপাদন খাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেপ্টেম্বরে এ খাতের পিএমআই সংকোচনের অবস্থানে থাকলেও অক্টোবরে ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯-এ উঠেছে। তবে সূচক সম্প্রসারণের পর্যায়ে ফিরলেও উৎপাদন খাতের নতুন অর্ডার ও কারখানার উৎপাদন এখনো সংকোচনের মধ্যে রয়েছে। অন্যদিকে আমদানি, কাঁচামালের মজুত ও তৈরি পণ্যের মজুত বেড়েছে। উপকরণের উচ্চমূল্য এবং অসমাপ্ত অর্ডারের চাপও এ খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
নির্মাণ খাতের পিএমআই ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১-এ দাঁড়িয়েছে। এ খাতে কর্মসংস্থান সূচক ইতিবাচক ধারায় ফিরলেও নতুন ব্যবসা ও নির্মাণ কার্যক্রমের গতি এখনো মন্থর। সেবা খাতের সূচকও ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৩ হয়েছে। কর্মসংস্থানে উন্নতি হলেও নতুন ব্যবসা ও সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের গতি এখনো দুর্বল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতি সূচকে চারটি খাতেই ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। এতে আগামী দিনগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ড আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির পুনরুদ্ধার এখনো নাজুক অবস্থায় রয়েছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড এম. মাশরুর রিয়াজ বলেছেন, অক্টোবরে পিএমআইয়ের বৃদ্ধি ইতিবাচক হলেও সামগ্রিক অর্থনীতি এখনো বেশ নাজুক। উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার এবং ব্যবসায়িক কার্যক্রম এখনো কমছে। একই সঙ্গে ব্যবসায়িক ব্যয়ও উচ্চপর্যায়ে রয়েছে।
তিনি জানান, এই পুনরুদ্ধারকে টেকসই করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, মূলধনের সংকট দূর করা এবং ব্যবসায়িক ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যবসায়িক পরিবেশকে আরও পূর্বাভাসযোগ্য করতে হবে, যাতে উদ্যোক্তাদের আস্থা প্রকৃত বিনিয়োগে রূপ নিতে পারে।
যুক্তরাজ্যের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহযোগিতায় নিয়মিত এ সূচক প্রকাশ করা হয়। অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে আগাম ধারণা পেতে নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা এ সূচক ব্যবহার করেন।



