এসএমই মেলায় ১৪ কোটি টাকার পণ্য বিক্রি
- ২০ কোটি ৪২ লাখ টাকার ক্রয়াদেশ

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’-এ ১৪ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা ২০ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৭৪৪ টাকার ক্রয়াদেশ বা অর্ডার পেয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের টেন্ট-জি প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি জানালেন, গতবার মেলা ১০ দিনের জন্য হলেও এবার জায়গা বা প্রিমিসেস ১০ দিনের জন্য না পাওয়ায় মেলাটি সাত দিনে সংক্ষিপ্ত করতে হয়েছে। তবে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হলেও এবার সাত দিনেই বিক্রির পরিমাণ গতবারের ১০ দিনের বিক্রির প্রায় কাছাকাছি বা সমপর্যায়ে রয়েছে।
বক্তব্যে শিল্প সচিব বলেছেন, রাজনৈতিক গণতন্ত্রের মতো অর্থনৈতিক গণতন্ত্রেও প্রত্যেক মানুষের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি হওয়া গুরুত্বপূর্ণ, যার কার্যকর মাধ্যম হতে পারে এসএমই খাত। উদ্যোক্তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাহসের প্রশংসা করে তিনি নারী উদ্যোক্তাদের ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। তার মতে, আজকের বিক্রির পাশাপাশি আগামী দিনের বিক্রির সুযোগ সৃষ্টি হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ।
মেলায় উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে ২৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয় এবং এসব প্রতিষ্ঠানের স্টলে প্রায় ছয় হাজার দর্শনার্থী ও উদ্যোক্তা যান। যাচাই-বাছাই শেষে ২০১ জন উদ্যোক্তা ঋণ পাওয়ার উপযুক্ত হিসেবে নির্বাচিত হন এবং মেলা চলাকালেই ২৫ জন গ্রাহককে ৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ ছাড়া মেলা উপলক্ষে আয়োজিত চারটি সেমিনারে ৮০০ জন অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে যৌথভাবে এসো এবং নতুনত্ব বুটিকস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস শ্রেষ্ঠ স্টলের স্বীকৃতি পায়। এ ছাড়া হস্ত ও কারুশিল্পে ট্রেন্ডিফার, পাটজাত পণ্যে থ্রি ব্রিজ বিডি, পাদুকা ও চামড়াজাত পণ্যে আরমাদিয়া, জুয়েলারিতে খঞ্জন এবং হারবাল ও প্রসাধনীতে পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুরস্কৃত হয়। পাশাপাশি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে খাস ফুড, হালকা প্রকৌশলে টিম স্টার টেকনোলজি, তথ্য ও প্রযুক্তি সেবায় আইটি বিটস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে নাভেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস,
প্লাস্টিক ও রাবারজাত পণ্যে ইন্টারলিংক ইন্টারন্যাশনাল এবং সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর শ্রেষ্ঠ স্টলের পুরস্কার অর্জন করে।



