অর্থ উপদেষ্টা
২০৩০ সালে বিদেশি ঋণ শোধে প্রয়োজন ৭৬০ কোটি ডলার
- এক দশকে ঋণ বেড়েছে ৩০০%
- কর আদায়ে প্রবৃদ্ধি ১২ শতাংশ ছাড়িয়েছে

দুর্বল রাজস্ব আহরণ ও ক্রমবর্ধমান ঋণের বোঝা— এই দুই চাপে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশ। গত এক দশকে দেশের ঋণ বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণ ও সরকারি গ্যারান্টির বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৯০ বিলিয়ন ডলার। অন্যদিকে ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় ২০৩০ সাল নাগাদ বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন বা ৭৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় ঋণনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।
অর্থ উপদেষ্টা বললেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ। দক্ষিণ এশিয়া তো বটেই, বৈশ্বিক বিবেচনায়ও এ হার অত্যন্ত কম। শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে গুণগত ও পরিমাণগত উন্নয়ন নিশ্চিত করতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর বিকল্প নেই। সরকার জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় ৫ শতাংশে উন্নীত করতে চায়।
ঋণের চিত্র তুলে ধরে তিতুমীর বলেছেন, গত সরকারের এক দশকে ঋণের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশ। ২০০৬-০৭ অর্থবছর থেকে হিসাব করলে এ বৃদ্ধির হার ৩২৩ শতাংশ। ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণ ও সরকারি গ্যারান্টির বিপরীতে ঋণের পরিমাণ প্রায় ৯০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সরকারি ঋণ, গ্যারান্টি ও বেসরকারি খাতের ঋণ মিলিয়ে তা দাঁড়াতে পারে প্রায় ১১৪ বিলিয়ন ডলার।
তিনি বলেছেন, ঋণের সুদ ও আসল পরিশোধে এর মধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। কোনো কোনো হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এ ব্যয় বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। একদিকে রাজস্ব আহরণ কমছে, অন্যদিকে ঋণের চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কার কর্মসূচি নিয়েছে।
রাজস্ব সংস্কারের অগ্রগতি তুলে ধরে অর্থ উপদেষ্টা জানালেন, আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ফলে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। টাস্কফোর্স গঠনের পর তা বেড়ে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ হয়েছে। গত অর্থবছরের শেষ দিকে কাস্টম হাউজগুলোতে দেশের ইতিহাসে সর্বোচ্চ শুল্ক আদায় হয়েছে।



