২৫৬ দীর্ঘ সেতু নির্মাণসহ আসছে ৭ প্রকল্প
- গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ নজর

সংগৃহীত ছবি
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণসহ হাতে নেওয়া হচ্ছে সাতটি পৃথক উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২২ হাজার ৩০০ কোটি টাকা। আজ বুধবার প্রকল্পগুলো উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে এসব বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে গ্রামের সামগ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে গ্রোথ সেন্টার, হাট-বাজার, শিল্পকারখানা, ঘাট, কৃষি বা অকৃষি পণ্য উৎপাদনকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। সেই সঙ্গে প্রকল্প এলাকায় সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগব্যবস্থা সহজ ও টেকসই করে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হবে। ফলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও এলাকার দারিদ্র্যবিমোচনে সহায়ক ভূমিকা রাখবে। এসব দিক বিবেচনা করে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। সেজন্য প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে একনেকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকে উঠতে যাওয়া গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন-সংক্রান্ত প্রকল্পগুলো হলো— ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’, জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং ফরিদপুর-রাজবাড়ীর গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ ছাড়া সিলেট-সুনামগঞ্জ-মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জয়পুরহাট সড়ক বিভাগাধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট-আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প।
সূত্র জানায়, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের আট বিভাগে ২৫৬টি সেতু নির্মাণ করবে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।



