কয়লাকেন্দ্রের পতিত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ পাওয়া সম্ভব
- ২০ বছরে সাশ্রয় ৩ লাখ ১৫ হাজার কোটি টাকার এলএনজি আমদানি ব্যয়

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অংশীদার করার ওপর সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়
দেশের ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর মধ্যে শুধু মহেশখালীতেই ২ হাজার ২৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকার এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় হতে পারে।
আজ রবিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনে উত্থাপিত এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণাটি উপস্থাপন করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) একজন গবেষণা কর্মকর্তা।
গবেষণায় বলা হয়, এসব বিদ্যুৎকেন্দ্র ও পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা জমির মধ্যে ১৪ হাজার ১৬৬ একর অব্যবহৃত রয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৯ একর জমি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উপযোগী। এই জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ২০ বছরে প্রায় ২ হাজার ৫২৭ কোটি মার্কিন ডলারের এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় সম্ভব। একই সঙ্গে সমপরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যাবে।
এলএনজি আমদানি সরকারের ওপর প্রতি বছর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্মেলনে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর অর্থায়ন নিয়ে আরেকটি গবেষণাও উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের জ্বালানি খাতে ১ হাজার ৫২৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অর্থায়ন করেছে। এর মধ্যে ৬ হাজার ৪৮৫ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খাতে অর্থায়ন করা হয়েছে ৩৯০ কোটি ৯০ লাখ ডলার।
গবেষণার প্রাক্কলন অনুযায়ী, এসব গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পুরো মেয়াদে ১৯ কোটি ৪ লাখ থেকে ৪০ কোটি ৪৬ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হতে পারে। এর সামাজিক কার্বন ব্যয় দাঁড়াতে পারে ৯১৯ কোটি থেকে ১ হাজার ৯৫৩ কোটি ডলার। অর্থাৎ এসব প্রকল্পের দীর্ঘমেয়াদি সামাজিক ও জলবায়ুগত ক্ষতির আর্থিক মূল্য প্রাথমিক অর্থায়নের চেয়েও বেশি হতে পারে।
সম্মেলনে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬-এর সাংবিধানিক ও পরিবেশগত প্রভাব নিয়েও আলোচনা হয়। বক্তারা প্রকল্প বাস্তবায়নে পরিবেশ সুরক্ষা, স্থানীয় মানুষের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর ভূমি, জীবিকা ও সাংবিধানিক অধিকার রক্ষার আহ্বান জানান।
গত আগস্টে করা একটি রিট আবেদনে আইনটির ৯টি ধারা চ্যালেঞ্জ করা হয়। আবেদনে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র ও জনপরামর্শের ঘাটতি এবং স্থানীয় সরকারের কর্তৃত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন।
মিডা আইন এবং মহেশখালীর জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পের তথ্য, গবেষণা ও আইনি বিশ্লেষণ নিয়ে একটি ওয়েবসাইটও (www.midiunpacked.org) চালু করা হয়েছে। ওয়েবসাইটটি পরিচালনা করবে বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অংশীদার করার ওপর সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার সরকারি ভবন, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা তুলে ধরা হয়। এক্ষেত্রে নেট মিটারিং, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুযোগ কাজে লাগানোর সুপারিশ করা হয়। পাশাপাশি কৃষক সমবায়ের মাধ্যমে জনমালিকানাভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে গত ২৮ নভেম্বর শুরু হয়েছে তিন দিনের এ সম্মেলন। বিডব্লিউজিইডির উদ্যোগে এবং ১৪টি সংগঠনের সহযোগিতায় আয়োজিত সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে দেশ-বিদেশের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনের আলোচনা শেষে সমাপনী দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।



