নারায়ণগঞ্জ
পারিবারিক কলহে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, এক ব্যক্তির মৃত্যুদণ্ড

মো. হারেজ। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে মো. হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার এ রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
মৃত্যুদণ্ড পাওয়া হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রাযের বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক পসিকিউটর এডভোকেট আবুল কালাম আজাদী জাকির।
তিনি জানান, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে ১ টরে দিকে হারেজ তার ছেলে সোহাগ (১৬) ও স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে।
এ ঘটনায় পরদিন ৯ জুলাই ফতুল্লা থানায় অভিযোগ করেন নিহত মনোয়ারার মেয়ে বিথি (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০)। পরে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ২০ নভেম্বর হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।




