নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রেণিকক্ষ নেই, শহীদ মিনারে চলছে পাঠদান

শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে গাছের নিচে শহীদ মিনারের বেদিতে। ছবিটি নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা
‘ধান বেচে পায়খানা বানালু, এখন হাগবু কি খায়া?’— প্রচলিত এই কথাটির বাস্তব প্রতিফলন যেন দেখা গেছে বগুড়ার সোনাতলা পৌর এলাকার নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের সামনে রয়েছে বড় ও আধুনিক ওয়াশ ব্লক। অথচ প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে গাছের নিচে শহীদ মিনারের বেদিতে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শহীদ মিনারের বেদিতে ও পাশে বেঞ্চ পেতে ক্লাস করছে। শিক্ষকও সেখানে বসেই পাঠদান করছেন। শহীদ মিনারের পাশ দিয়ে চলে গেছে সড়ক। যানবাহনের শব্দ ও পথচারীদের চলাচলের মধ্যেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এমন পরিবেশে শিক্ষার্থীরা কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। ১৯৯১ সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের অর্থায়নে নির্মিত হয় একতলা একটি ভবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন জরাজীর্ণ। ছাদের পলেস্তারা খসে পড়ার আশঙ্কা রয়েছে। রঙ করে ভবনের বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্ত অবস্থা ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় জরিপ অনুযায়ী, বিদ্যালয়ে আসার উপযোগী শতাধিক শিশু থাকলেও শ্রেণিকক্ষের সংকটে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। পাঁচটি সহকারী শিক্ষকের পদের মধ্যে একটি শূন্য রয়েছে। নেই চতুর্থ শ্রেণির কোনো কর্মচারী। নৈশপ্রহরী না থাকায় এরই মধ্যে বিদ্যালয়ের ফ্যান, লাইট ও গভীর নলকূপের মোটর চুরি হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানা গেছে।
অভিভাবক সাহেনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষের সংকট চলছে। তার সন্তানসহ অন্য শিক্ষার্থীদের গাছের নিচে বসে ক্লাস করতে হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিভাবক সদস্য আলমগীর হোসেন রাঙা বলেন, পৌরসভার মধ্যে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র অত্যন্ত দুঃখজনক। আশপাশের অনেক বিদ্যালয়ে দোতলা ভবন থাকলেও শিক্ষার্থী সংখ্যা কম। অথচ এই বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী পর্যাপ্ত থাকলেও শ্রেণিকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক মো. নুরুন্নবী বলেন, সোনাতলা উপজেলার সবচেয়ে অবহেলিত বিদ্যালয়গুলোর একটি নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরনো ভবনে সিঁড়িঘরসহ ছোট-বড় মোট চারটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি অফিস হিসেবে ব্যবহার করা হয়। বাকি তিনটি কক্ষে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর পাঠদান সম্ভব নয়। এ কারণে বাধ্য হয়ে শিক্ষার্থীদের শহীদ মিনারের বেদিতে বসিয়ে ক্লাস নিতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




