সেন্টমার্টিনে বিনা মূল্যে চিকিৎসা পেলেন ২৩২ জন
কক্সবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
এদিন বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’র ব্যবস্থাপনায় সেন্টমার্টিনে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২৩২ জনকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও অবগত করেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।




