রাজপথে আলপনা আর আলোর উৎসবে মুগ্ধ নগরবাসী

ছবি: আগামীর সময়
প্রতিদিনের চেনা, জ্যামে ঠাসা যে ধূসর রাস্তা দিয়ে মানুষ ক্লান্ত পায়ে হেঁটে যায়, সেই চেনা পথগুলোই যেন হঠাৎ এক রাতে রূপ নিয়েছে এক একটি জীবন্ত ক্যানভাসে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক নতুন রূপে সেজেছে কীর্তনখোলা তীরের শহর বরিশাল। নগরবাসীকে ঈদের অনাবিল আনন্দ দিতে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজপথে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন আলপনা। কংক্রিটের ব্যস্ত শহরে রঙের এই ছোঁয়া উৎসবের আমেজকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ঈদের এই বিশেষ আয়োজন করা হয়েছে। বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ জানালেন, ঈদ উপলক্ষে নগরবাসীর বিনোদনের জন্য প্রথমেই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের চৌমাথা লেকে একটি দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারা বসানো হয়েছে। এর পাশাপাশি উৎসবের আনন্দকে আরও উপভোগ্য করতে শহরের বটতলা, জিলা স্কুল মোড়, রাজাবাহাদুর সড়ক ও বরিশাল ক্লাবের সামনেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের রাজপথ আলপনার রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে।
গভীর রাতে যখন পুরো নগরী ঘুমে মগ্ন, তখন একদল তরুণ-তরুণী তুলির টানে রাজপথকে সাজানোর এই কর্মযজ্ঞে মেতে ওঠেন। চারুকলার শিল্পী দুর্জয় সিংহ জানালেন, সিটি করপোরেশনের উদ্যোগে এই আলপনা আঁকার কাজ শেষ করতে তাদের প্রায় দুই রাতের মতো সময় লেগেছে। শিল্পীদের সেই বিনিদ্র রজনীর পরিশ্রমই ভোরের আলো ফুটতেই নগরবাসীর চোখে এনে দিয়েছে এক অদ্ভুত মুগ্ধতা।
ঈদের দিন পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে এই রূপ দেখে উচ্ছ্বসিত নগরীর নারী উদ্যোক্তা তৃষা রহমান। তিনি বলেছেন, 'ঈদের দিন স্বামী ও সন্তানদের সঙ্গে নিয়ে বেলস পার্ক যাওয়ার সময় এই আলপনা দেখেছি। পুরো নগরীটাকে দেখতে অত্যন্ত চমৎকার ও সুন্দর লাগছে।'
শহরের এই শৈল্পিক রূপান্তর নিয়ে কলেজ শিক্ষক ও কবি মিলন মহাজন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানালেন, 'ইটের পর ইট আর কংক্রিটের ব্যস্ত নগরীতে এই আলপনা যেন এক চিলতে স্বস্তি। ব্যস্ত রাজপথ যখন আলপনার রঙে সেজে ওঠে, তখন মনে হয় পুরো শহরটাই একটা জীবন্ত ক্যানভাস। যান্ত্রিক এই শহরের বুকে আলপনা আমাদের জানান দেয় আমাদের শিকড় ও সংস্কৃতির কথা। এটি কেবল রংতুলির টান নয়, বরং আমাদের হাজার বছরের বাঙালি ঐতিহ্যের এক পরম প্রকাশ।'
একই সুর শোনা গেল সংগীতশিল্পী আবু হেনার কণ্ঠেও। তার ভাষ্য, 'গভীর রাতে যখন পুরো নগরী ঘুমিয়ে পড়ে, তখন একদল তরুণ-তরুণী আলপনা এঁকে শহরকে বরণ করে নেয় নতুন ভোরে। ঈদ উপলক্ষে আলপনা নগরীর সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পথচলতি ক্লান্ত নাগরিকের চোখেও এটি এক অদ্ভুত মুগ্ধতা আর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলছে।'
সিটি করপোরেশনের এই নান্দনিক উৎসব আয়োজন কেবল আলপনাতেই সীমাবদ্ধ ছিল না। বিসিসির প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানালেন, শুধু আলপনাই নয়, ঈদ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয়ে চোখ ধাঁধানো আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে রাজাবাহাদুর সড়কে রঙিন আলোর ছটা নগরবাসীর জন্য আরও এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। তা ছাড়া পুরো নগরী জুড়ে ফুটপাতের বর্ডারে কোথাও লাল-সাদা, কোথাও কালো-সাদা আবার কোথাও হলুদ-সাদা রঙ করা হয়েছে। পাশাপাশি পথচারীদের পারাপারের সুবিধার্থে নতুন করে আঁকা হয়েছে জেব্রা ক্রসিংও।
সিটি করপোরেশনের এমন নান্দনিক ও ঐতিহ্যবাহী উদ্যোগের কারণে এবারের ঈদ বাণিজ্যিক এই নগরীর মানুষের কাছে হয়ে উঠেছে আরও রঙিন ও উৎসবমুখর।






