সরকারি হাসপাতালে দরজায় লেখা
‘মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’

গ্রাফিকস: আগামীর সময়
‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’— কাগজে লেখা এমন একটি নির্দেশনা টানিয়ে দেওয়া হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দরজায়।
সরকারি হাসপাতালে এমন নির্দেশনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধন না করলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এর আগে বেশ কয়েকবার চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধনের বিষয়ে রোগীদের মৌখিক নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।
ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আনোয়ারা বেগম বললেন, ‘আমিও একবার একজন নারী চিকিৎসককে আপা বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি রাগান্বিত হন এবং ম্যাডাম অথবা স্যার বলে সম্বোধন করতে বলেন।’
শুক্রবার বিকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমরা সরকারের কর্মচারী। রোগীরা চিকিৎসকদের ম্যাডাম-স্যার বলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’
তিনি আরও বললেন, ‘জরুরি বিভাগের দরজায় টানানো নির্দেশনাটি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে। কে বা কারা এ ধরনের নির্দেশনা দিয়েছে তা-ও শনিবার খতিয়ে দেখা হবে।’







