চুনারুঘাটে টচা বাগানের বুকে লাল শাপলার বিল

ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ভেতরের বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে ভিড় করেন পর্যটকরা। যত দূর চোখ যায়, কালো পানির ওপর ফুটে থাকে লাল শাপলা। চা বাগানের সবুজের মধ্যে এই বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন আসছেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয়ভাবে পরিচিত এই বিলের নাম দেউন্দি লাল শাপলা বিল।
উপজেলা সদর থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে দেউন্দি চা বাগানের ভেতরে বিলটির অবস্থান। বর্ষায় জমে থাকা পানিতে প্রাকৃতিকভাবে জন্মে শাপলা। শীতের শুরুতে ফুল ফুটতে থাকে। ভোরের আলোয় ফুটে থাকা লাল শাপলা দেখতে পর্যটকদের সমাগম বাড়ে।
স্থানীয় বাসিন্দারা জানালেন, কয়েক বছর আগেও বিলটি পর্যটকদের কাছে পরিচিত ছিল না। চা বাগানের শ্রমিকরা গবাদি পশু নিয়ে এ পথ দিয়ে যাতায়াত করতেন। দুই থেকে তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে।
পর্যটকদের আনাগোনায় বিলের পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। স্থানীয়দের ভাষ্য, সেখানে প্রায় ২০-২৫টি দোকানে চা, পান, ফুচকা ও ঝালমুড়ি বিক্রি হচ্ছে। দেউন্দি চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যরা ছোট নৌকায় করে পর্যটকদের কাছে শাপলা বিক্রি করেন। প্রতি ফুল ১০ টাকা দরে বিক্রি করে কেউ কেউ দিনে ৩০০-৪০০ টাকা আয় করেন। এক দোকানি বলেছেন, আগে জায়গাটি প্রায় ফাঁকা থাকত। এখন শাপলার মৌসুমে তার দৈনিক বিক্রি প্রায় ২ হাজার টাকা।
তবে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। বিলের পাশে নেই শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা বসার জায়গা। বৃষ্টিতে চা বাগানের ভেতরের কাঁচা রাস্তা কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে নারী ও শিশু পর্যটকরা বেশি ভোগান্তিতে পড়েন।



