কুমিল্লায় ডোবায় মিলল বৃদ্ধের মরদেহ, নিখোঁজ ছিলেন ৩ দিন

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিণ খাঁড় গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় লোকজন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন। পরে থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে সোহাগ মিয়া লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। তিনি সাংবাদিকদের জানান, তার বাবা গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান আরো জানান, মরদেহ উদ্ধারের সময় বৃদ্ধের হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থতায় আক্রান্ত হয়ে ডোবায় পড়ে তার মৃত্যু হতে পারে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



