রামগঞ্জ
গাছ থেকে পড়ে আহত মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ রিফাত চৌধুরী
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মোহাম্মদ রিফাত চৌধুরী (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে জলপাই পাড়তে গাছে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার ভোরে ঢাকায় তার মৃত্যু হয়।
নিহত রিফাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরীবাড়ির বাসিন্দা। সে মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে। রিফাত আশারকোটা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে জলপাই খেতে গাছে ওঠে রিফাত। একপর্যায়ে অসাবধানতাবশত তার হাত ফসকে যায়। এতে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
স্বজনেরা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনেরা জানান, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে রিফাতের টেস্ট পরীক্ষা চলছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন।



