আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
আদালতের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়েছেন চুরি মামলার আসামি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটেছে এ ঘটনা। এরপর থেকে পলাতক মোমিন নামের ওই আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পলাতক মোমিন সিরাজগঞ্জ সদর উপজেলার কোবদাসপাড়া মহল্লার সবুর আলীর ছেলে। মামলার ধার্য তারিখে হাজিরার জন্য বৃহস্পতিবার তাকে আদালতে আনা হয়।
পুলিশ জানায়, মোমিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে হাজতখানায় আরেক আসামিকে ঢোকানোর সময় তিনি পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকায় সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
আজ বিকাল ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী।
তিনি বলেছেন, ‘তাকে নিয়ে আসার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে হাজতখানায় আরেকজন আসামিকে ঢোকানোর সময় তিনি পুলিশকে ধাক্কা দিয়ে বের হন। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকার সুযোগে লাফ দিয়ে পালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে সদর থানায় জানানো হয়েছে। তারা তাকে খুঁজছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’





