এইচএসসির ফল
কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি

ফাইল ছবি
চলতি বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেননি।
জেলার এই ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৭০ জন পরীক্ষার্থী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট ৪৯টি প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া কুড়িগ্রামের প্রতিষ্ঠানগুলো হলো, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (২৪ জন পরীক্ষার্থী), নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ (১৫ জন), রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজ (১০ জন), একই উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), নাগেশ্বরী উপজেলার কুটি পেয়ারা ডাঙা স্কুল অ্যান্ড কলেজ (৫ জন), একই উপজেলার চিলাখানা মডেল কলেজ (৪ জন), উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), চিলমারী উপজেলার দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজ (২ জন) এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার সার্বিক ফলাফলেও বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।এই জেলা থেকে এ বছর মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী অংশ নেন । তাদের মধ্যে ৫ হাজার ৬৮৩ জন ছাত্র ও ৬ হাজার ৩৯ জন ছাত্রী। পাস করেছেন ৪ হাজার ৭৭৩ জন। এতে জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ। পাসের ক্ষেত্রে ছাত্রদের (৩৫ দশমিক ৯৫ শতাংশ) চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা (৪৫ দশমিক ২১ শতাংশ)।
জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো না থাকা, শিক্ষক সংকট এবং পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতিই এমন বিপর্যয়ের প্রধান কারণ।
দিনাজপুর বোর্ডের আটটি জেলার ফলাফলের তালিকায় ৪০ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে কুড়িগ্রাম জেলা ৬ষ্ঠ স্থানে রয়েছে।




