চকরিয়া
ইস্ত্রির আগুনে প্রাণ গেল কিশোরের

কাপড় ইস্ত্রি করতে স্টিলের টিফিন বক্সে রাখা কয়লা থেকেই সূত্রপাত। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর জুড়ে। আগুনে পুড়ে মারা গেছে ১৩ বছরের কিশোর ওমর ফারুক। গুরুতর দগ্ধ হয়েছে তার বড় ভাই আব্দুল্লাহ (১৬)। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সে।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় মৌলানা ফজল কাদেরের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে স্টিলের টিফিন বক্সে কয়লা নিয়ে কাপড় ইস্ত্রি করছিলেন তারা। এ সময় কয়লা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘর ও ঘরের আসবাবসহ মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা দুই ভাই ওমর ফারুক ও আব্দুল্লাহ আগুনে দগ্ধ হয়। পরে ১৩ বছরের ওমর ফারুকের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সে।
আগুনে ঘর ও মালামাল হারিয়ে শোকের পাশাপাশি বিপাকে পড়েছে পরিবারটি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থসহ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্যোগ ও বিপর্যয়ের এমন মুহূর্তে অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে আশ্বাস দেন।



