রিয়াদে হুথিদের হামলায় নিহত বগুড়ার শাহেদ

রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত শাহেদ
ছুটি কাটাতে দুই মাস আগে দেশে এসেছিলেন বগুড়ার শাজাহানপুরের শাহেদ আহমেদ (৩২)।
স্বজনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে শুক্রবার (৯ অক্টোবর) উড়াল দিয়েছিলেন সৌদির উদ্দেশ্যে। কিন্তু কর্মস্থলে ফেরা আর হলো না তার।
রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এক হামলায় মারা গেছেন প্রবাসী এই যুবক।
আজ রবিবার বিকাল পাঁচটার দিকে বগুড়ার মাদলা এলাকার শাহেদের বাড়িতে পৌঁছায় মৃত্যুর খবর।
শাহেদ আহমেদ বগুড়া মহানগরীর ২১ নং ওয়ার্ডের মাদলা মণ্ডল পাড়ার রফিকুল ইসলাম মিঠুর ছেলে। গত ৩ বছর ধরে তিনি সৌদিতে কর্মরত।
শাহেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল।
শাহেদের পরিবারের সদস্যরা জানান, শাহেদের বাবা মো. রফিকুল ইসলাম মিঠু ২০ বছর ধরে সৌদি প্রবাসী। বাবার সুবাদেই তিন বছর আগে সেখানে যান শাহেদ। দুই মাস আগে ছুটিতে বাড়ি এসে শুক্রবার আবার কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন তিনি। আর তিন মাস আগে ওমরাহ পালন করতে গেছেন শাহেদের মা। আগামী ১৪ অক্টোবর দেশে ফেরার কথা ছিল তার। শাহেদের মা-বাবা ভালো আছেন। তারা দাম্মাম শহরে আছেন।
শাহেদের বোন জামাই সাজু বলেন, ‘আমার শ্বশুরের সাথে কথা হয়েছে। তবে তারা রিয়াদে এখনও যেতে পারেননি।’
শাহেদের স্ত্রী কাকলি আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘শনিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটার দিকেও তার (শাহেদ) সাথে শেষ কথা হয়েছিল। এরপর আর কথা হয়নি। সরকারের কাছে আমার চাওয়া আমার স্বামীকে ফেরত এনে দিক।’
মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, আমার পাশের এলাকায় শাহেদের বাড়ি। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসছি। শাহেদের পরিবারের সাথে কথা বললাম।



