আখ চাষ বাড়িয়ে চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
দেশের চিনি শিল্প রক্ষায় আখ চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেছেন, ‘বেশি বেশি আখ রোপণ করতে হবে। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের জন্য চিনি কেনা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে জীবিকা হারাবেন এ শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষ।
আজ শুক্রবার বিকালে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ দুলু বলেন, ‘দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। এসব চিনিকলের ওপর নির্ভর করে দেশের হাজার হাজার মানুষের জীবিকা। তাই এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।’
চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।
২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে ৯০ হাজার মেট্রিক টন আখ থেকে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। এ মৌসুমে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।



