ভাড়া বাসায় পড়ে ছিল নারীর গলিত মরদেহ

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ ও স্থানীয়রা। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী কয়েক দিন আগে মারা গেছেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই নাইম হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, শেফালী তার ছেলে সিয়াম মিয়া (১৯) ও ছেলের স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে ছেলের স্ত্রী বাবার বাড়িতে যান। আজ শনিবার ফিরে এসে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের জানান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নাইম হায়দার।
স্থানীয়দের ভাষ্য, শেফালীর সঙ্গে তার স্বামী শাহীন মিয়ার বিবাহবিচ্ছেদ হয় ছয় থেকে সাত মাস আগে। এ ছাড়া গত প্রায় ছয় মাস ধরে তার মানসিক অবস্থার অবনতি হয়েছিল বলে দাবি করেছেন তারা।
তবে শেফালীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে বলে জানালেন সদর থানার এসআই নাইম হায়দার।



