৫ পরীক্ষার্থীর জন্য ছয় শিক্ষক, তাও ফেল ৪ জন

ছবি: আগামীর সময়
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে ছয় শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনই ফেল করেছে।
আজ সোমবার দুপুরে এসএসসির ফল ঘোষণার পর জানা গেল এ তথ্য। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলে দেখা যায়, শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া পাঁচজনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক বললেন, ‘শিক্ষার্থী কম হলে প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি থাকার কথা; কিন্তু ফল দেখে মনে হচ্ছে, কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানালেন, বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক রয়েছেন। এ বছর বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় চারজন। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফল উন্নত করতে খুব দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা জানালেন, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভায় ফল উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে।





