শতবর্ষে উৎসবমুখর বরিশাল সদর গার্লস, স্মৃতিতে ফিরলেন প্রাক্তন শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস) শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালি বের করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস করেন।
গোলাপি সাদা শাড়িতে প্রাক্তন শিক্ষার্থীরা নানা ফেস্টুন ও কালার স্মোক দিয়ে রাঙিয়ে তোলেন র্যালিটি।
নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রঙিন র্যালিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরিণ বলছিলেন, বরিশাল আজ গোলাপীময়। প্রাক্তন প্রায় তিন হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে এ উৎসবে অংশগ্রহণ করেছেন। পুরনো বন্ধুদের পেয়ে অনেকে আবেগআপ্লুত হয়ে পরেছেন।
এদিকে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশ নেওয়া ২০০৭ বর্ষের শিক্ষার্থী অবন্তি রহমান মন্তব্য করেন, উৎসবে অংশগ্রহণের জন্য সূদূর অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমার মতো দেশের বাইরে থেকে আরও অনেকে এসেছেন আবেগের এ প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তিতে অংশ নিতে। এখানে আমাদের ব্যাচের যারা সিনিয়র এবং জুনিয়র ছিল তাদের সঙ্গে দেখা হয়েছে।
ভারত থেকে উৎসবে অংশ নিতে আসা ২০০২ বর্ষের ছাত্রী স্বর্ণা দাস বলেছেন— স্কুল জীবন মধুর। স্কুল থেকে বের হওয়ার পর তেমন সময় আর কখনো জীবনে আসেনি। মধুর স্মৃতিগুলোকে ধরে রাখতেই ভারতের দিল্লি থেকে এসেছি। অবশ্য আসার আগে বান্ধবীদের সঙ্গে কথা হয়েছে। আমরা একযোগে রেজিস্ট্রেশনও করেছিলাম। আমার এক বান্ধবী আমেরিকা থেকে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে এ উৎসবে যোগ দিতে।
এদিকে র্যালির পর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তিনি বলেছেন, স্বাধীন বাংলার প্রথম আঞ্চলিক সচিবালয় এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। যে কারণে এ বিদ্যালয়ের গ্রহণযোগ্যতা আমাদের কাছে সবসময়ই আলাদা।
স্পিকার তার বক্তব্যে স্মৃতিবহ দিনগুলোর কথা তুলে ধরেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।
এর আগে বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার।
পরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন স্পিকার হাফিজ উদ্দিন। পরপরই সাদা গোলাপী রঙের কেক কাটেন উপস্থিত অতিথিরা।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়টির সাবেক শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




