জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপি নেতাদের ক্ষোভ: চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহার প্রত্যাহার

ডিসি লুৎফুন নাহার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের আট দিনের মাথায় চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
এর আগে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন। একই দিনে জেলা প্রশাসকের একটি বক্তব্য নিয়েও জনমনে ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
এসব ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই প্রত্যাহারের সঙ্গে ওই অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো আনুষ্ঠানিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।
এদিকে, একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে রদবদল আনা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



