ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক নুরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল কেনেন নুরুল ইসলাম। পরে তিনি চালগুলো নিজের বাড়ির গুদামে মজুত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা-পুলিশ তার বাড়ির গুদামে অভিযান চালায়। এ সময় গুদাম থেকে ১২০ বস্তা চাল জব্দ করা হয়। পরে চালগুলো থানায় নিয়ে যাওয়া হয়।
ঘোড়াঘাট থানার ওসি মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জব্দ করা চালের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



