থাইক্ষিয়ংপাড়ায় ধর্মযাজকদের মহাসম্মেলনে সেনাবাহিনীর অংশগ্রহণ

ছবি: আগামীর সময়
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় বান্দরবানের থাইক্ষিয়ংপাড়ায় আয়োজিত বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশ নিয়েছে সেনাবাহিনী। এ সময় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার নানা উদ্যোগ নেওয়া হয়।
২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ মহাসম্মেলনে স্থানীয় ধর্মযাজক, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য ও পাড়াবাসী অংশ নেন। সম্মেলনের বিভিন্ন আয়োজনে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।
সম্মেলন উপলক্ষে শিশুদের মধ্যে চকোলেট এবং অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।



