অনুমোদন ছাড়াই চলছে উজিরপুরের ১০ ডেন্টাল ক্লিনিক, ঝুঁকিতে রোগীরা

ছবি: আগামীর সময়
বরিশালের উজিরপুরে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ১০টি ডেন্টাল ক্লিনিক। এসব প্রতিষ্ঠানে নেই বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। অথচ দাঁতের চিকিৎসা নিতে প্রতিদিনই এসব প্রতিষ্ঠানে ভিড় করছেন সাধারণ রোগীরা। ভুল চিকিৎসায় কেউ কেউ দাঁত হারাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারির অভাবে ঝুঁকির মধ্যেই চলছে এসব ক্লিনিকের কার্যক্রম। উপজেলায় ১৯টি ডেন্টাল ক্লিনিকের মধ্যে ১০টির নাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নেই।
সরেজমিন দেখা গেছে, উপজেলার হারতা, শোলক, সাতলা ও শিকারপুর এলাকায় অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকের উপস্থিতি বেশি। ছোট ছোট কক্ষে দাঁতের চিকিৎসার সরঞ্জাম সাজিয়ে চলছে এসব প্রতিষ্ঠান। বাইরে আকর্ষণীয় সাইনবোর্ড ও আধুনিক সাজসজ্জা থাকলেও ভেতরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নাম নেই এমন ১০টি প্রতিষ্ঠান হলো—হারতা বন্দরের মা ডেন্টাল কেয়ার, ধামুরা বন্দরের মোল্লা ডেন্টাল, সাতলার মিঠু ডেন্টাল, জল্লার শিখা ডেন্টাল ও মামনি ডেন্টাল, বড়াকোঠার ডাবেরকুল বাজারের ইসলামিয়া ডেন্টাল, ওটরার মাহাতাব ডেন্টাল, বামরাইলের জহুরা ডেন্টাল, শিকারপুরের জয়শ্রী বাসস্ট্যান্ডের শাহরা ডেন্টাল এবং গুঠিয়ার অনন্যা ডেন্টাল কেয়ার।
নীতিমালা অনুযায়ী, ডেন্টাল ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগের অনুমোদন, বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকা বাধ্যতামূলক। তবে এসব শর্ত না মেনেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসার নামে এসব প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ভুল চিকিৎসার কারণে অনেকেই নানা জটিলতায় পড়ছেন।
শোলক ইউনিয়নের বাসিন্দা তহমিনা আক্তার বলেন, স্থানীয় একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তার মাড়ি থেকে পুঁজ বের হতে থাকে। পরে অন্য চিকিৎসকের কাছে গেলে শেষ পর্যন্ত দাঁত ফেলে দিতে হয়।
একই ইউনিয়নের তাসলিমা বেগম বলেন, দীর্ঘদিন দাঁতের ব্যথায় ভুগে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ হননি তিনি। পরে বরিশালে চিকিৎসক দেখানোর পর কিছুটা সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে আগেও ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছরের জুলাই মাসে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে কয়েকটি বন্ধ হলেও অন্যগুলো এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম আক্তার বলেন, ২০২৬ সালের শেষের দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে ডেন্টাল ক্লিনিকগুলোর বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছিল। তদন্ত করে কোনো ডেন্টাল ক্লিনিকেরই বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান বলেন, ডেন্টাল ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন ও নির্ধারিত যোগ্যতাসম্পন্ন চিকিৎসক থাকা বাধ্যতামূলক। এসব প্রতিষ্ঠানে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক দায়িত্বে থাকতে হবে। অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বিষয়টি জানালে অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিকগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।



